অনলাইন ডেস্ক।।
বিভিন্ন অপারেটরের মোবাইল সিম ব্যবহারকারী মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ জন গত ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়ে গেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানান মন্ত্রী।
মোস্তাফা জব্বার ওই পোস্টে একটি ছবি সংযুক্ত করেছেন। এতে জানানো হয়েছে, গত ১৫ জুলাই মোট সাত লাখ ৩১ হাজার ৪৬৯ জন এবং ১৬ জুলাই মোট নয় লাখ ৬২ হাজার ২১৮ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
এই দুই দিনে গ্রামীণ ফোনের সাত লাখ ৭৪ হাজার ৮৮৪ জন, রবির তিন লাখ ৪২ হাজার ৮২ জন, বাংলালিংকের চার লাখ ৬৪ হাজার ৪৯২ জন ও টেলিটকের এক লাখ ১২ হাজার ২২৯ জন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানানো হয়।
রোববার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে মোস্তাফা জব্বার বলেন, ‘করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে কী পরিমাণ মানুষ ঢাকা ছেড়েছেন, সে বিষয়ে ধারণা পেতে এই হিসাবটি রাখা হচ্ছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
