এইমাত্র পাওয়া

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোনারগাঁওয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

মোঃ জিয়াউর রহমান :

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত শিক্ষকের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক (৫৮)। তিনি সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এইচ.জি.জি এস সরকারি বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। গত মার্চ মাসে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে সুস্থ হওয়ার পরে জুনের শেষের দিকে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, গত মার্চ মাসে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৩৮ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে সুস্থ হন। পরে জুন মাসের শেষ সপ্তাহে আবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১০/১২ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসা নেন। পরে গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে তাকে আইসিওতে রাখা হয়। বৃহস্পতিবার আড়াইটার দিকে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানায়। তিনি ১৯৮৯ সালের দিকে হিসাব বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে মোগরাপাড়া এইচ, জি, জি, এস স্মৃতি সরকারী বিদ্যায়তনে যোগদান করেছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা মোগরাপাড়া এইচ.জি.জি এস সরকারি বিদ্যায়তনের মাঠে মরহুমের জানাযা শেষে দরগাবাড়ি কবরস্থানে দাফন করা হবে।

শিক্ষক শফিকুল ইসলামের মৃত্যুতে স্কুলের গভনিংবডির সভাপতি সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সাবেক সাংসদ সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, স্কুলের শিক্ষক, ৯১, ৯৩, দুরন্ত ৯৭সহ স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.