নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সোমবার দুপুর ২টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ হিসেবে বরিশাল সদর উপজেলায় দ্বিতীয় দফার গৃহনির্মাণ কাজও প্রায় সম্পন্ন হয়েছে। সোমবার এই কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, আরডিসি মো. আলী সুজা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ। মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১৫৫৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। গত ২০ জুন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় বরিশাল জেলায় ২১৭টি ঘর হস্তান্তর করা হয়। বাকি ৩৩২টি ঘরের নির্মাণ কাজ চলছে। সেই সকল নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক জানান, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
