নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেন চ্যালেঞ্জ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান তিনি।
নাজমুল ইসলাম বলেন, বর্তমানে অক্সিজেনের সামগ্রিক সরবরাহ ও উৎপাদনের কোনও সংকট নেই। তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেনের চ্যালেঞ্জ হতে পারে। তিনি আরও বলেন, ‘গত সাত দিনের করোনা সংক্রমণের পরিস্থিতি প্রায় কাছাকাছি। সংক্রমণ পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। গত ২ জুলাই রোগীর সংখ্যা কিছুটা কমেছিল।’
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘অক্সিজেন সিলিন্ডার যখন যেখানে ব্যবহার হয় সেটা আবার রিফিল করার জন্য চলে যায়। সংখ্যাতে সেটা রিজার্ভ হিসেবে জমা থাকে। যখন যেখানে প্রয়োজন সেটি দ্রুত সরবরাহ করা হয়। যে কারণে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা মাঝে মাঝে বেড়ে যায়, কমে যায়। তবে বাস্তবেই অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বেড়েছে, তার কারণ চাহিদাও বেড়েছে।’
ভার্চুয়াল বুলেটিনে নাজমুল আরও বলেন, অক্সিজেনের অভাবে কিছু রোগীর মৃত্যু অভিযোগ এসেছে এবং অভিযোগ তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে এলে সে বিষয়ে বলা যাবে। তবে অক্সিজেনের সামগ্রিক সরবরাহের কোনও সংকট নেই। উৎপাদনেরও এই মুহূর্তে কোনও সংকট নেই। তিনি আরও বলেন, উৎপাদনকারীদের সঙ্গে আমরা প্রতিদিন বৈঠক করছি এবং আমাদের চাহিদা জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কোনও সংকট নেই, তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে।
এদিকে ভারতে আটকা পড়া বাংলাদেশিরা শুধু স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে পারবেন। এ বিষয়ে মুখপাত্র জানান, ভারতে আটকা পড়া ব্যক্তিরা সপ্তাহে তিন দিন এ সুযোগ পাবেন। রোব, মঙ্গল ও বৃহস্পতিবার স্থলবন্দর দিয়ে তারা দেশে ঢুকতে পারবেন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
