হঠাৎ অসুস্থ মিমি, বাড়িতেই চলছে চিকিৎসা

নিউজ ডেস্ক।।

কলকাতার অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী শনিবার (২৬ জুন) ভোররাত থেকে অসুস্থ। এমনকি বাড়িতে চিকিৎসক পর্যন্ত ডাকতে হয়েছে। চার দিন আগে করোনার টিকা নিয়েছিলেন মিমি। পরে জানা যায়, সেই টিকা ছিলো ভুয়া। অসুস্থতা তারই প্রভাব কি না- এ নিয়ে সন্দেহ বাড়ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিহাইড্রেশন, রক্তচাপের সমস্যা থাকায় ভোর রাতে অজ্ঞান হয়ে যান মিমি। সেই সময় তার পরিচারিকা তার সঙ্গে ছিলেন। অবিলম্বে মিমির সহকারীকে খবর দেওয়া হয়। ছুটে আসেন চিকিৎসক। তবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন প্যানিক থেকেও ঘটে থাকতে এই অসুস্থতা।

আরো জানা গেছে, শুক্রবার রাত থেকেই দুর্বল ছিলেন মিমি। এরপরে শনিবার ভোর ৩টার দিকে হঠাৎই অত্যন্ত অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। ঘাম দিতে শুরু করে। এরপরেই অজ্ঞান হয়ে যান মিমি চক্রবর্তী। পরিচারিকা প্রাথমিক শুশ্রুষার পরে সহকারীকে ফোন করেন। তিনিই ছুটে এসে খবর দেন চিকিৎসককে।

তিনি জানান, গুরুতর ডিহাইড্রেশন, অত্যন্ত কম রক্তচাপ, অসহ্য পেতে ব্যথায় কাতর হয়েই সংজ্ঞা হারান অভিনেত্রী। তার আগে থেকেই গল ব্লাডারের সমস্যা ও লিভার-জনিত সমস্যা থাকায় নিয়মিত তার জন্যে ওষুধ খান মিমি। এই অবস্থায় তার স্বাস্থ্য নিয়ে ভয় আরো বেড়েছে।

কসবার ভুয়া ভ্যাকসিন কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুক্রবারই যাবতীয় রক্ত পরীক্ষা ও অন্যান্য টেস্ট করান মিমি চক্রবর্তী। ভ্যাকসিনের বদলে তার শরীরে কী প্রবেশ করেছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন মিমি।

সংবাদ মাধ‍্যমে মিমি জানান, আগে থেকেই তার লিভারের সমস‍্যা ছিলো। ভুয়া টিকা নিয়ে যদিও এখনো পর্যন্ত তার তেমন কোনো শারীরিক সমস‍্যা হয়নি। তবুও ঝুঁকি নিতে চান না মিমি। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালোই ছিলো তার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.