নিজস্ব প্রতিবেদক।।
নেত্রকোনার দুর্গাপুরে চেয়ারে বসা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৫) নামের এক মাস্টার্সের শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চন্ডিগড় ইউনিয়নের বড়ইউন্দ বাজারে এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন বড়ইউন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।
এ ঘটনায় আনোয়ার হোসেন বাবা কবুল হোসেন (৫৫) ও ভাই মনির হোসেন (২২) আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুর্গাপুরের বড়ইউন্দ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ওষুধের দোকানের চেয়ারে বসা নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মরম আলীর ছেলে সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেনের ওপর সোহেল মিয়া ও তার লোকজন হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে বাজারে থাকা আনোয়ারের বাবা মকবুল হোসেন ও ভাই মনির হোসেন গিয়ে ঘটনার প্রতিবাদ করলে তাদের ওপরও হামলা চালায় সোহেল ও তার সঙ্গীরা। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর এ আলম বলেন, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের আটকের জন্য চেষ্টা চলছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
