নিউজ ডেস্ক।।
এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিমানবাহিনী সদরদপ্তরে আজ শনিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি বিদায়ী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এদিন অনুষ্ঠানে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে ১ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয় এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি নিয়ে বিমানবাহিনী প্রধান করে প্রজ্ঞাপন জারি করে। সে অনুযায়ী, আজ শনিবার এয়ার মার্শাল পদে পদোন্নতির মাধ্যমে আগামী ৩ বছরের জন্য তিনি বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধানের দায়িত্ব নিয়েছিলেন মসিহুজ্জামান সেরনিয়াবাত। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় আজ অবসরে গেলেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
