নিজস্ব প্রতিনিধি।।
মিরপুর কলেজের অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের বিরুদ্ধে দুর্নীতি, তহবিল ও তসরুপসহ অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ)। বৃহস্পতিবার (১০ জুন) সরেজমিন তদন্ত করেন ডিআইএ কর্মকর্তারা।
ডিআইএ-এর পরিচালক অধ্যাপক মো. আজমতগীর স্বাক্ষরিত বুধবারের (৯ জুন) অফিস আদেশে শিক্ষা পরিদর্শক টুটুল কুমার নাগ, শিক্ষা পরিদর্শক ড. এনামুল হক, সহকারী পরিদর্শক মনিরুজ্জামান এবং অডিট অফিসার সুলতার আহম্মদকে সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ৯ মে প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মো. ইসহাক হোসেন, কলেজের শিক্ষকসহ ৮ জন দুর্নীতির অভিযোগে কলেজটির অধ্যক্ষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিআইএ সরেজমিন তদন্তে নামে। ডিআইএ’র তদন্ত দল বৃহস্পতিবার (১০ জুন) মিরপুর কলেজ সরেজমিনে পরিদর্শন করে।
প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, নিয়োগ পাওয়ার পর থেকেই কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতির নাম ব্যবহার করে প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন অধ্যক্ষ। শিক্ষকদের দাবি— অধ্যক্ষের নিয়োগও অবৈধ। কলেজের আর্থিক, উন্নয়ন, ক্রয়, শিক্ষক নিয়োগসহ এমন কোনও খাত নেই যেখানে অধ্যক্ষ দুর্নীতি করেননি। তার সীমাহীন দুর্নীতি ও প্রশাসনিক অযোগ্যতার কারণে এ শিক্ষা প্রতিষ্ঠানটি রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অভিযোগে জানা গেছে, কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ইসহাক হোসেনকে অবসর দেখিয়ে গত ২০১২ সালের ফেব্রুয়ারিতে গভর্নিং বডির অনুমোদন ছাড়াই সিনিয়র আট শিক্ষককে ডিঙ্গিয়ে তৎকালীন সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন মো. গোলাম ওয়াদুদকে। এক্ষেত্রে বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন ১৯৯৪ নীতিমালা ভঙ্গ করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগের পর সরকারি অংশের অতিরিক্ত কলেজ অংশ থেকে অর্ধ লক্ষাধিক টাকা বেতন নেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে নিয়োগের মত গুরুত্বপূর্ণ বিষয়টিও অনিয়মের অংশ হিসেবে ২০১২ সালের ৫ মে গভর্নিং বডি সভায় বিবিধ হিসেবে অনুমোদন করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ গোলাম ওয়াদুদ উচ্চ আদালতের রায় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনাও অমান্য করে কলেজ পরিচালনা করেছেন। ২০১২ সাল থেকে কলেজ পরিচালনা পর্ষদে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোনও শিক্ষক প্রতিনিধি নেই বলেও অভিযোগ শিক্ষকদের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
