নিউজ ডেস্ক।।
দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৩ মে বৃহস্পতিবার ঈদ হচ্ছে না। ১৪ মে শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। এই সিদ্ধান্ত জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। এই ক্ষেত্রে মুসল্লিরা জীবনের ঝুঁকি বিবেচনা করে ঈদের নামাজের জামাত খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে পড়তে পারবেন। শারীরিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা যেতে পারে।
এদিকে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্যাপন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
