এইমাত্র পাওয়া

এমনভাবে চাকরি করতে হবে যেন গর্ব নিয়ে অবসরে যাওয়া যায়: আইজিপি

নিউজ ডেস্ক।।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিদের মঙ্গলবার, ৪ মে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘সম্মান ও মর্যাদার সঙ্গে চাকরি করতে হবে। যেন অবসরে যাওয়ার সময় গর্ব নিয়ে চাকরি থেকে যাওয়া যায়।’

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘বড় পদে পদোন্নতি মানে বাড়তি দায়িত্ব। যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে সবসময় সচেষ্ট থাকতে হবে।’

আইজিপি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে পুলিশের আধুনিকায়‌নে অনেক অর্জন হয়েছে। এ অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগ‌ণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।’

এসময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান এবং সার্বিক সাফল্য কামনা করেন।

র‍্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিদের মধ্যে সৈয়দ নুরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশীদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, এসবির অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.