এইমাত্র পাওয়া

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না মিন্নির

নিউজ ডেস্কঃ
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন আদালত।

মিন্নিকে কেন জামিন দেয়া হবে না- এমন রুলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না মিন্নি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মিন্নিকে জামিনে মুক্ত করতে এখনও চার থেকে পাঁচদিন সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, হাইকোর্ট থেকে দেয়া মিন্নির জামিনের আদেশের কপি ডাকযোগে বরগুনার আদালতে পৌঁছাবে। সেখানে বরগুনার যে আদালতের কথা উল্লেখ থাকবে সেই আদালতে মিন্নির জামিনের জন্য মিস কেসের মাধ্যমে বন্ড দাখিল করতে হবে। এর পর আইনানুগভাবে মিন্নির জামিনের আদেশ পৌঁছাবে বরগুনা কারাগারে। এরপর মিন্নি কারাগার থেকে মুক্তি পাবে।তবে শুক্রবার ও পরদিন শনিবার আদালত ও ডাকযোগাযোগের কার্যক্রম বন্ধ থাকায় হাইকোর্টের বিচারপতিদ্বয়ের সাক্ষরিত মিন্নির জামিন আদেশ সোমবারের আগে বরগুনা আদালতে পৌঁছাবে না।সে কারণে বৃহস্পতিবার জামিনের আদেশ পেলেও আগামী সোমবার কিংবা মঙ্গলবারের আগে কারাগার থেকে মিন্নির মুক্ত হওয়ার সম্ভাবনা কম।

বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন জানান, উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর আগে বেশ কয়েকটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। এজন্য সময় লাগে। তাই আর সব বেলার মতোই মিন্নির জামিন আদেশ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারে পৌঁছাবে। জামিনাদেশ কারাগারে পৌঁছানোর সঙ্গেসঙ্গেই মুক্তি পাবেন মিন্নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুই শর্তে মিন্নিকে জামিন দিয়েছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

শর্ত দুটি হলো- ১. জামিনে থাকাবস্থায় মিন্নি তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় থাকবেন; ২. জামিনে থাকাবস্থায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। এই দুই শর্তের ব্যত্যয় ঘটলে মিন্নির জামিন বাতিল হবে বলে রায়ে উল্লেখ করেন হাইকোর্ট।

মিন্নির জামিন প্রশ্নে হাইকোর্টের দেয়া রুলের ওপর শুনানি বুধবার শেষ হয়। শুনানি শেষে এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য রেখেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ রায় দিলেন আদালত।

মেয়ের জামিন হওয়ায় আদালতে উপস্থিত মোজাম্মেল হোসেন কিশোর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, চক্রান্তেরও অবসান হবে।’

আদালতে মিন্নির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না, তাকে সহযোগিতা করেন আইনজীবী মশিউর রহমান, মাক্কিয়া ফাতেমা, জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী।

২০ আগস্ট হাইকোর্ট মিন্নিকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তাকে কেস ডকেটসহ (সিডি) আদালতে তলব করেন। পাশাপাশি আদালতে জবানবন্দি দেয়ার পূর্বে মিন্নি দোষ স্বীকার করেছে মর্মে বরগুনার এসপির সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের ব্যাখ্যা চান আদালত। বুধবার আদালতের নির্দেশে বক্তব্যের লিখিত ব্যাখ্যা দেন এসপি।পরে আদালত জামিন আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.