জরুরি প্রয়োজন ছাড়া ১০ টার পর বাহিরে বের হতে মানা

অনলাইন ডেস্ক ||

দেশের করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ দিকে মোড় নিচ্ছে। মহামারিকালের সর্বোচ্চ সংক্রমণের (৫ হাজার ১৮১ জন) রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়। মারা গেছেন ৪৫ জন, যা সাত মাসে সর্বোচ্চ। করোনার এই বাড়বাড়ন্ত অবস্থা রুখতে ১৮টি ‘জরুরি’ নির্দেশনা জারি করেছে সরকার। যার মধ্যে অন্যতম হলো- জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া বন্ধ থাকবে।
সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ঊর্ধ্বমুখী সংক্রমণ রুখতে অপ্রয়োজনীয় ঘোরাফেরা-আড্ডা বন্ধ করা হবে। রাত ১০টার পর বাইরে বেরুনো নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে- গণপরিবহনে ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। সব ধরনের জনসমাগম সীমিত করতে হবে, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়) এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে; প্রয়োজনে বন্ধ রাখতে হবে

১৮টি ‘জরুরি’ নির্দেশনার মধ্যে আরো রয়েছে- জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান ও শিল্প কারখানা ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী/অসুস্থ/বয়স ৫৫-এর ঊর্ধ্বের কর্মকর্তা-কর্মচারীকে বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে।

এছাড়া হোটেল-রেস্তোরাঁগুলোতে ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি মানুষের প্রবেশ করতে পারবে না। মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। পর্যটন-বিনোদন কেন্দ্র, সিনেমা হল-থিয়েটারে জনসমাগম সীমিত করতে হবে। ঘরের বাইরে মাস্ক পরিধান না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.