এইমাত্র পাওয়া

বিদ্যা দেবী ভান্ডারী আসছেন ২২ মার্চে

অনলাইন ডেস্ক ||
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী দুদিনের সফরে আগামী ২২ মার্চ ঢাকায় আসছেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে তার এ সফর। বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশের প্রতি নেপালের জনগণের শুভেচ্ছার নিদর্শন দেখাতে তিনি আসছেন বলে সংশ্লিষ্টরা বলছেন।

বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। এতে দক্ষিণ এশিয়ার চারজন শীর্ষ নেতা অংশ নিচ্ছেন। তারা হলেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। করোনাভাইরাসের মহামারির কারণে তাদের সফর আয়োজনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার বাইরের অতিথিরা ভার্চুয়ালি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী সফরকালে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। নেপালের জনগণ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাশীল। তারা বঙ্গবন্ধুকে গোটা মানবজাতির নিপীড়িত মানুষের নেতা হিসাবে উল্লেখ করে থাকেন। বিদ্যা ভান্ডারী তার দেশের জনগণের এ বার্তা বাংলাদেশের নেতৃবৃন্দ ও জনগণের কাছে পৌঁছে দেবেন। তিনি ঢাকায় বঙ্গবন্ধুর ওপর স্মারক বক্তব্য দেবেন।

নেপালের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হবে। তার মধ্যে আছে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতা চুক্তি। এসব চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আলোচনা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.