এইমাত্র পাওয়া

গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আহ্বান ইউজিসি’র

নিউজ ডেস্ক।।

শিক্ষার্থীদের স্বার্থ সমুন্নত রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

মঙ্গলবার ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট গুচ্ছের ২৯ বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণ ঘটাতে পারলে গুচ্ছ ভতির্তে বিরাট সফলতা আসবে।

তিনি বলেন, দেশের বিশাল সংখ্যক মানুষ গুচ্ছ ভর্তি পরীক্ষার দিকে তাকিয়ে আছে। ইউজিসি দেশবাসীকে সুন্দর একটি পরীক্ষা উপহার দিতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত যুক্তিসংগত বিষয়গুলো আমলে নেয়ার জন্য সংশ্লিষ্ট গুচ্ছের কমিটিকে ইউজিসি চেয়ারম্যান আহ্বান জানান।

ইউজিসি সদস্য দিল আফরোজা বলেন, ‘গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার মূল চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু ও প্রশ্নাতীতভাবে স্বচ্ছভাবে ভর্তি পরীক্ষা নেয়া।’

এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার জন্য গুচ্ছের মূল দায়িত্বে থাকা উপাচার্যদের তিনি আহ্বান জানান। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণে গুচ্ছের বিশ্ববিদ্যালয়সমূহকে ইউজিসি সহযোগিতা প্রদান করবে বলে তিনি জানান।

বিশ্বিবিদ্যালয় কেন্দ্রের বাইরে ভর্তি পরীক্ষা আয়োজন এবং সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার আহ্বান জানান ইউজিসি সদস্য প্রফেসর মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, ‘এটি করা না গেলে জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থী ছাড়া কেউ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।’

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান বলেন, ‘গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ভালোভাবেই চলছে। ইতোমধ্যে নয়টি কমিটিও গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু করা এবং সবোর্চ্চ সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য তারা আন্তরিক।’

সভায় অন্যান্যের মধ্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের এবং সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, প্রকৌশল গুচ্ছের আহ্বায়ক এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, কৃষি গুচ্ছের আহ্বায়কও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বক্তব্য দেন।

সূত্র : ইউএনবি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.