এইমাত্র পাওয়া

এমপি পদ হারালেন পাপুল

 নিউজ ডেস্ক।।

কুয়েতে মানব ও অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদ হারালেন কাজী শহিদ ইসলাম পাপুল। সোমবার সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পাপুল সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ থাকিবার যোগ্য নন। এ কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি থেকে তার লক্ষ্মীপুর-২ আসন শূন্য হয়েছে।

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী সংসদ সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটিই প্রথম।

বাংলাদেশের সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আইনপ্রণেতা নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হল সংসদ সদস্য থাকার যোগ্য হবে না এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পর্যন্ত তিনি আর সংসদ সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হন না। ওই অনুচ্ছেদেই বলা আছে, কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিলে কিংবা কোন বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে আর এমপি হিসেবে থাকতে পারবে না।

মানব ও অর্থপাচারের অভিযোগে গত বছরের ৬ জুন পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। এরপর থেকেই তিনি সে দেশের কারাগারে ছিলেন। গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত কাজী শহীদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা) জরিমানা করা হয়। পাপুলের সঙ্গে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহকেও চার বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি রিয়াল জরিমানা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.