এইমাত্র পাওয়া

স্কুলেই মিলল শিক্ষকের ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক।।

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের তিন দিনের মাথায় এক শিক্ষকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই শিক্ষকের স্কুল থেকেই তার লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সিরজদীখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক মো. আব্দুল রাজ্জাক (৫৫) গত বুধবার সকালে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনসন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার সন্ধ্যায় তারই বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে পারে ওই শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়ের ওই পরিত্যাক্ত ভবনে বিয়ের অনুষ্ঠানের কাজে ব্যবহৃত পালকি রাখা ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে মালিকরা পালকি নিতে আসলে তারা শিক্ষক আব্দুল রাজ্জাকের লাশ দেখতে পেয়ে আমাকে জানান। আমি খবর দিলে সিরাজদীখান থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত মো. আব্দুল রাজ্জাক আমাদের বিদ্যালয়ের সরকারি কোয়ার্টারে স্বপরিবারে বসবাস করতেন। তিনি বরগুনা জেলার বামনা থানার খুশমী চড়া গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে।

সিরাজদীখান থানার ওসি এসএম জালাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন ওই শিক্ষক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.