এইমাত্র পাওয়া

প্রিয়জনকে জড়িয়ে ধরার যত উপকারিতা

নিউজ ডেস্ক।।

ভালোবাসার সপ্তাহ শুরু হয়েছে ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মাধ্যমে। ভালোবাসার সপ্তাহে ৭ ফেব্রুয়ারি রোজ ডে, ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে পেরিয়ে আজ ১২ ফেব্রুয়ারি হলো ‘হাগ ডে’।

ভালোবাসার সপ্তাহে আজ প্রিয়জনকে আলিঙ্গনের দিন। কাউকে ভালোবেসে জড়িয়ে ধরার আছে অনেক উপকারিতা। ভালোবেসে কাউকে আলিঙ্গন করলে নিরাপত্তার অনুভূতি হয়। সেই সঙ্গে বাড়ে বিশ্বাস ও আস্থা। আলিঙ্গন করলে বৃদ্ধি পায় মানসিক শান্তি। সেই সঙ্গে কমে যায় অস্থিরতা।

ভালোবাসার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো জড়িয়ে ধরা। প্রিয়জনকে জড়িয়ে ধরার মাঝে যেমন আনন্দ রয়েছে ঠিক তেমনই স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রিয়জনকে আলিঙ্গন করলে মানসিক প্রশান্তি মেলে। যা রক্তচাপ কমাতে সহায়তা করে। আলিঙ্গন করলে প্রিয়জনের ত্বকের সঙ্গে স্পর্শ লেগে পেসিনিয়ান করপাসক্যালসকে কার্যকরী করে। পেসিনিয়ান করপাসক্যালস মস্তিষ্কের ভেগাস নার্ভকে সিগন্যাল পাঠায়। এর ফলে রক্তচাপ কমে যায়।

যে কোনো ব্যথা থেকেও মুক্তি মেলে প্রিয়জনকে জড়িয়ে ধরলে। আলিঙ্গন করার পর যে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় তাতে ইমিউন সিস্টেমের উন্নতি ঘটে এবং শারীরিক বিভিন্ন ব্যথা কমে।

হার্টের সমস্যাও প্রতিরোধ করে আলিঙ্গন। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার চ্যাপল হিলের এক গবেষণায় বলা হয়েছে, প্রিয়জনকে জড়িয়ে ধরা ওষুধের মতো কাজ করে। প্রতি মিনিটে হার্টের গতিবেগ বাড়িয়ে তোলে অন্তত ১০ বিট। এতে হৃদরোগের আশঙ্কা কমে যায়।

প্রিয়জনের জড়িয়ে ধরা মানসিকভাবেও ভালো রাখে। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে অকারণে ভয় পাওয়া কমিয়ে দেয়। ভালোবাসা বোঝাতে বা পরম ভরসা জোগাতে আলিঙ্গন হলো জাদুকাঠির ছোঁয়া।

যাকে হৃদয় আপন ভাবে, তাকে ভালোবাসার বাহুডোরে বেঁধে ফেলাতেই তো প্রেমের সার্থকতা নিহিত। তাই আর দেরি কেন? যাকে বা যাদেরকে ভালোবাসেন, তাকে বা তাদেরকে বিনা সংকোচে আজ জড়িয়ে ধরুন। আর বুঝিয়ে দিন, আপনি কতটা ভালোবাসেন তাদের। এক্ষেত্রে অবশ্য আপনার ছোঁয়াই বুঝিয়ে দেবে আপনি কতটা বিশ্বস্ত। প্রিয়জনকে আপনার জড়ানোর কায়দাই বুঝিয়ে দেবে আপনি তাকে কতটা ভালোবাসেন।

তবে যিনি আপনার আলিঙ্গন হাসি মুখে গ্রহণ করতে প্রস্তুত, কেবল তার সঙ্গেই নিরাপদে নির্ভয়ে পালন করুন ‘হাগ ডে’। নইলে হিতে বিপরীত হতে পারে!


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.