এইমাত্র পাওয়া

মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষক পদোন্নতির নতুন তালিকা

নিজস্ব প্রতিবেদক।।
গত মাসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ৫০ শতাংশ সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়। তবে এ নিয়ে কিছু শিক্ষকের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় পদোন্নতির সংশোধিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে। নতুন তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১ ডিসেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি জন্য জ্যেষ্ঠতার তালিকা তৈরি করা হলেও তা নিয়ে কিছু শিক্ষকের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ শ্রেণির শিক্ষকরা মাউশি ঘোরাও করেন। অনেকে আবার অবস্থান নিয়ে বিক্ষোভ করে তালিকা বতিলের দাবি জানান। পরে ওই তালিকা বাতিল করে নতুন করে পদোন্নতির তালিকা তৈরি করার উদ্যোগ নেয় মাউশি।

এ প্রসঙ্গে মাউশির উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘২০১১ ও ২০১২ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করা শিক্ষকদের জ্যেষ্ঠতা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। তা নতুনভাবে সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকা প্রকাশের পর তা নিয়ে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘প্রথমে সাড়ে ছয় হাজার শিক্ষকের তালিকা তৈরি করা হলেও বর্তমানে ৭ হাজার ২৭৪ জনের জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। ২০১৫ সালে পদোন্নতি সংক্রান্ত আদালতের নির্দেশনা খসড়া তালিকায় উল্লেখ করা হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে তা সহায়ক হতে পারে। শিক্ষকদের পদোন্নতির পদটি প্রথম শ্রেণি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে শিক্ষকদের পদোন্নতি দেয়া হবে।’

জানা গেছে, এ পদোন্নতির ফলে শিক্ষকদের কোনো আর্থিক সুবিধা না বাড়লেও সামাজিকভাবে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। ফলে শিক্ষাক্ষেত্রে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া পদোন্নতির এই জট খুললে মাধ্যমিকের উপরের বিভিন্ন পদায়নও সম্ভব হবে।

মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসেন বলেন, ‘মুজিববর্ষে পদোন্নতি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আমরা কোনোভাবেই কালক্ষেপণ করতে চাই না। জ্যেষ্ঠতার ভিত্তিতে তালিকা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে সিনিয়র শিক্ষকদের পদোন্নতি দেয়া হতে পারে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.