এইমাত্র পাওয়া

সারা দেশে টিকা প্রয়োগ ৭ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক :

দেশজুড়ে করোনার টিকা প্রয়োগের তারিখ একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। এর আগে ৮ ফেব্রুয়ারি টিকা দেওয়ার দিন নির্ধারিত ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ‘৮ ফেব্রুয়ারি নয়, একদিন আগে (৭ ফেব্রুয়ারি) থেকেই ঢাকা ও ঢাকার বাইরে টিকা প্রয়োগ শুরু হবে। ঢাকায় টিকা দেওয়া হবে অন্তত ৩২৪ কেন্দ্রে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ভারতের কাছ থেকে উপহার পাওয়া ২০ লাখ টিকা জেলা ও উপজেলা পর্যায়ে আজ শুক্রবার (২৯ জানুয়ারি) পাঠানো হবে। এবং বেক্সিমকোর মাধ্যমে কেনা ৫০ লাখ টিকা তারাই জেলা ও উপজেলায় পৌঁছে দেবে।’

দেশে প্রাথমিকভাবে টিকার প্রয়োগ শুরু হয় বুধবার (২৭ জানুয়ারি)। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তার শরীরে টিকা প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হয়। পরদিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। গত দুই দিনে ৫৬৬ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.