নিউজ ডেস্ক।।
মন্ত্রিপরিষদের প্রথম সদস্য হিসেবে করোনাভাইরাসের টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক।
আজ ২৭ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা গ্রহণ করেন তিনি। এর আগে টিকা নিবন্ধন সম্পন্ন করার পর নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন প্রতিমন্ত্রী। পরে পর্যবেক্ষণের জন্য নির্ধারিত জায়গায় বিশ্রামে যান।
এদিন সকালে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া টিকাগ্রহণের মাধ্যমে সেখানে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বেলা ১১টার দিকে একই কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান ও তথ্য সচিব খাজা মিয়া টিকা নেন।
এদিকে বিএসএমএমইউতে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী টিকা নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ জানান। তিনি জানিয়েছেন, গতকাল যারা টিকা নিয়েছেন, তাদের সকলেই সুস্থ আছেন।
সব মিলিয়ে রাজধানীর পাঁচটি হাসপাতালে আজ মোট ৫৬০ জনকে করোনার টিকা দেয়ার কথা রয়েছে। বিএসএমএমইউ ছাড়া অন্য চারটি কেন্দ্র হলো— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
