এইমাত্র পাওয়া

খুবির এক শিক্ষক বরখাস্ত, দু’জনকে অপসারণ

শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দু’জনকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২১২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রধান অভিযোগ- শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেওয়া।

বরখাস্ত হওয়া শিক্ষক হলেন বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আবুল ফজল এবং অপসারণ হওয়া শিক্ষকরা হলেন- ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম।

বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্তের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আত্মপক্ষ সমার্থনের সুযোগ পেয়েও ওই তিন শিক্ষক তাদের কৃতকর্মের জন্য ক্ষমা বা দুঃখ প্রকাশ না করায় এবং অবাধ্যতা, গুরুতর অসদাচারণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসন বিরোধী কার্যক্রম ছাড়াও একাধিক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১১তম সভায় ওই তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত হয়। পরে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের স্ব স্ব নামে ‘কেনো বরখাস্ত ও অপসারণ করা হবে না’ মর্মে আত্মপক্ষ সমর্থনের জন্য চিঠি দেওয়া হয়। অভিযুক্ত তিনজন নির্ধারিত ২১ জানুয়ারি দুপুরের মধ্যে সেই চিঠির জবাব প্রদান করেন।

শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ২১২তম সভায় পূর্ববর্তী ২১১তম সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং আত্মপক্ষ সমর্থনে তিন শিক্ষকের জবাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। শেষে সিন্ডিকেট তাদের বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দেয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.