এইমাত্র পাওয়া

করোনাকালীন শিক্ষা চালাতে ২ মন্ত্রণালয়ের আলোচনা

অনলাইন ডেস্ক ||

করোনা ভাইরাস মহামারিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে আলোচনায় বসছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। আগামী ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) ভার্চুয়াল মাধ্যমে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করবেন। আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সভায় অংশ নেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় সূত্র  জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, এনসিটিবি এবং শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা অংশ নেবেন।

জানা গেছে, করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান আগামী ফেব্রুয়ারি মাসে খোলার দেয়ার সম্ভাবনা আছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুত করতেই স্কুল-কলেজ খোলা হবে। তবে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতে ক্লাস অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া ক্লাসগুলোকে চলতি বছরের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে। এদিকে এনসিটিবি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে।

জানা গেছে, ফেব্রুয়ারি থেকে সব শিক্ষার্থীর ক্লাস শুরু হবে না। এ ক্ষেত্রে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ক্লাস শুরু করা হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস শুরু করা হবে।

এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজের চলমান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ায় সরকার। তবে কওমি মাদরাসা এ ছুটির বাইরে আছে। তবে, অনলাইন ও সংসদ টিভির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে।

গত ২৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী ফেব্রুয়ারি থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে জুনে এসএসসি  ও জুলাই অথবা আগস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। এজন্য সিলেবাস সংশোধন করা হবে বলেও জানান তিনি।

বিশ্বব্যাপী করোনার ভাইরাস মহামারির কারণে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। এসময়ে দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন স্কুলগুলোও বন্ধ থাকছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.