এইমাত্র পাওয়া

যে কারণে রাজশাহী পলিটেকনিকে রাজনীতি বন্ধ

নিজস্ব প্রতিনিধি।।

অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিতের জেরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পাঁচ বছরের জন্য ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির নতুন অধ্যক্ষ মোহাম্মদ আবদুুর রশীদ মল্লিক স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০১৯ সালের ২ নভেম্বর ক্যাম্পাসে সংঘটিত ন্যক্কারজনক সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানভিত্তিক ছাত্রদের সব ধরনের রাজনৈতিক কর্মকা- বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণার প্রতি সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অধ্যক্ষের এই বিজ্ঞপ্তি ছাত্র সংগঠনের নেতারা ফেসবুকে শেয়ার করছেন।

পলিটেকনিক সূত্রে জানা যায়, ক্লাসে প্রয়োজনীয়সংখ্যক উপস্থিতি না থাকার কারণে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছিলেন না অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ। আর এ কারণেই ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে

পুকুরের পানিতে ফেলে দেন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ৫০ জনকে আসামি করে মামলা করেন অধ্যক্ষ। পুলিশ অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করে। আর পদে থাকা নেতাদের দল থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। পরবর্তী সময়ে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চার ছাত্রের ছাত্রত্ব বাতিলসহ ১৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ছাত্রলীগের নেতাকর্মীরা ২০১৯ সালের ২ নভেম্বর প্রতিষ্ঠানটির তৎকালীন অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদকে প্রকাশ্যে ক্যাম্পাসের একটি পুকুরে টেনে-হিঁচড়ে ফেলে দেওয়া হয়। এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.