নিজস্ব প্রতিনিধি।।
করোনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রথম দফায় যাদের অগ্রাধিকার দেওয়া হবে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী কোভিড-১৯ স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সরকারি, বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দফায় ভ্যাকসিন পাবেন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
তালিকা অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের পরে রয়েছেন মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র পরিচালনায় কর্মকর্তা-কর্মচারী, সংবাদমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা। এরপর বয়স অনুযায়ী সিটি করপোরেশন ও পৌরসভার কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সত্কার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরি পানি-গ্যাস-পয়ঃনিষ্কাশন-বিদ্যুত্-ফায়ার সার্ভিস-পরিবহন কর্মী, স্থল-নৌ-বিমানবন্দর কর্মী, প্রবাসী শ্রমিক, জেলা-উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীরা করোনার ভ্যাকসিন পাবেন।
এরপর ধীরে ধীরে দেশের সবাইকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে প্রথম ধাপে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন দেশে আসবে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। প্রথম ডোজ দেওয়ার আট সপ্তাহ পরে ভ্যাকসিন গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
তালিকা :কোভিড-১৯ স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত ৪ লাখ ৫২ হাজার ২৭ জন সরকারি স্বাস্থ্যকর্মী প্রথম ধাপে ভ্যাকসিন পাচ্ছেন। কোভিড-১৯ স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সব অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট খাতের ৬ লাখ স্বাস্থ্যকর্মী প্রথম ধাপে ভ্যাকসিন পাচ্ছেন। একই ধাপে ভ্যাকসিন পাচ্ছেন ২ লাখ ১০ হাজার বীর মুক্তিযোদ্ধা। সম্মুখসারির আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ৫ লাখ ৪৬ হাজার ৬১৯ জন ভ্যাকসিন পাবেন। এর মধ্যে দুই ধাপে ২ লাখ ৭৩ হাজার ৩১০ জন করে ভ্যাকসিন দেওয়া হবে। ৩ লাখ ৬০ হাজার ৯১৩ জন সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য সমান দুই ভাগে প্রথম ও দ্বিতীয় ধাপে ভ্যাকসিন পাচ্ছেন।
রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ের ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারীদের ২৫ হাজার জন প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে ২৫ হাজার জন ভ্যাকসিন পাচ্ছেন। প্রথম দুই ধাপে ২৫ হাজার জন করে ৫০ হাজার জন সম্মুখসারির গণমাধ্যমকর্মী এ ভ্যাকসিন পাচ্ছেন। প্রথম দুই ধাপে ভ্যাকসিন পাচ্ছেন ১ লাখ ৭৮ হাজার ২৯৮ জন নির্বাচিত জনপ্রতিনিধি। সিটি করপোরেশন ও পৌরসভার সম্মুখসারির দেড় লাখ কর্মচারী প্রথম ধাপে ৭৫ হাজার এবং দ্বিতীয় ধাপে ৭৫ হাজার করে মোট দেড় লাখ ভ্যাকসিন পাবেন। ৫ লাখ ৪১ হাজার ধর্মীয় প্রতিনিধি দ্বিতীয় ধাপে ২ লাখ ৭০ হাজার ৫০০ এবং পঞ্চম ধাপে একই পরিমাণ ভ্যাকসিন পাবেন। মৃতদেহ সত্কার কাজে নিয়োজিত ৭৫ হাজার ব্যক্তি প্রথম ধাপে ৩৫ হাজার ৫০০ এবং দ্বিতীয় ধাপে ৩৫ হাজার ৫০০ করে মোট ৭৫ হাজার ভ্যাকসিন পাবেন।
জরুরি পানি, গ্যাস, পয়োনিষ্কাশন বিদ্যুত্, ফায়ার সার্ভিস পরিবহন কাজে নিয়জিত ৪ লাখ কর্মচারী প্রথম ও দ্বিতীয় ধাপে ২ লাখ করে ৪ লাখ ডোজ ভ্যাকসিন পাবেন। স্থল, নৌ ও বিমানবন্দরের দেড় লাখ কর্মী প্রথম ধাপে ৭৫ হাজার এবং দ্বিতীয় ধাপে ৭৫ হাজার করে মোট দেড় লাখ ডোজ ভ্যাকসিন পাবেন। প্রবাসী অদক্ষ ১ লাখ ২০ হাজার শ্রমিক প্রথম দুই ধাপে ৬০ হাজার ডোজ করে ভ্যাকসিন পাবেন।
দেশের জেলা ও উপজেলাসমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি ৪ লাখ কর্মচারী প্রথম ও দ্বিতীয় ধাপে ২ লাখ করে ৪ লাখ ডোজ ভ্যাকসিন পাবেন। ১ লাখ ৯৭ হাজার ৬২১ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকে এক ডোজ করে ভ্যাকসিন পাবেন দ্বিতীয় ধাপে। স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার ৬ লাখ ২৫ হাজার জনগোষ্ঠী কোভিড ভ্যাকসিন পাচ্ছেন। দেশে ৮০ বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা ১৩ লাখ ১৩ হাজার ৯৭৩ জন। তাদের সবাইকে প্রথম ধাপে টিকা দেওয়া হবে। প্রথম ধাপে টিকা পাবেন ৭৭ থেকে ৭৯ বছর বয়স্ক বৃদ্ধরা। যাদের সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৬৫৩ জন।
বাফার, ইমার্জেন্সি, আউট ব্রেক প্রথম ধাপে ৭০ হাজার জন। এছাড়া ফুটবল, ক্রিকেট, হকিসহ জাতীয় পর্যায়ের সব খেলোয়াড়কে প্রথম ধাপে ১০ হাজার ৯৩২টি করে প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ২১ হাজার ৮৬৩ জনকে টিকা দেওয়া হবে। পাশাপাশি বাফার, ইমার্জেন্সি, আউটব্রেকে প্রথম ধাপে ৭০ হাজার, দ্বিতীয় ধাপে ৫০ হাজার ও পঞ্চম ধাপে ৫০ হাজার জনকে টিকা দেওয়া হবে। ৭৬ থেকে ৭৯ ও ৬৪ থেকে ৬৬ বছর বয়সিরা পঞ্চম ধাপে টিকা পাবেন।সুত্র বিডিপ্রতিদিন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
