পথশিশুদের কথা ভাবতে হবে

নিউজ  ডেস্ক।।

পথশিশু শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে রাস্তার পাশে বা রেলস্টেশনের অসহায় শিশুগুলো। সরকারিভাবে পথশিশুদের সঠিক পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন খণ্ডিত গবেষণা ও জরিপে তাদের সংখ্যা আড়াই থেকে চার লাখ। আর এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। পথশিশুর সংখ্যা বৃদ্ধির পেছনে দারিদ্র্য একটি বড় কারণ। কিন্তু সবসময়ই কি তাই? তাহলে বর্ধিষ্ণু অর্থনীতির দেশ ব্রাজিলে কেন এত পথশিশু? পারিবারিক জীবনে বাবা-মায়ের মধ্যে কলহ, বিবাহ বিচ্ছেদ, অপরিকল্পিত জন্মদানও এর পেছনে দায়ী।

আমাদের দেশের অধিকাংশ পথশিশুই খাদ্য, বস্ত্র, নিরাপদ বাসস্থানসহ প্রায় সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নিরাপত্তা না থাকার কারণে প্রায়শই শিকার হচ্ছে শারীরিক ও যৌন নির্যাতনের। দু-মুঠো ভাতের জোগাড়ে জড়িয়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সঙ্গে। এসডিজি লক্ষ্যমাত্রায় ২০২৫ সালের মধ্যে শতভাগ শিশুশ্রম বন্ধের কথা রয়েছে এবং সরকার সেদিকে অনেকখানি এগিয়েছেও। যা আমাদের আশার আলো দেখায়।

আমরা প্রায়ই দেখি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তিকেন্দ্রিক কিছু লোক পথশিশুদের পাশে এসে দাঁড়ায়। এদের কয়েকজনকে নিয়ে অনুষ্ঠান করে বাহবা কুড়াচ্ছে। দিন শেষে তারা আবার তাদের আপন ঠিকানায়। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দীর্ঘস্থায়ী কিছু করা সম্ভব হচ্ছে না তাদের দ্বারা। তাই সরকার এবং সংশ্লি­ষ্ট দপ্তরকে আন্তরিকতার সঙ্গে পথশিশুদের সমস্ত মৌলিক অধিকার নিশ্চিত করে, বয়সোপযোগী শিক্ষা প্রদানের ব্যাপারে এগিয়ে আসতে হবে।

পথশিশুরা বঞ্চনার মধ্য দিয়েই বেড়ে ওঠে। তাই যখনই তারা কারো থেকে একটু আন্তরিকতা, ভালোবাসা বা টাকার প্রলোভন পায়, তখন তারা যে কোনো কিছু করতে পারে। তাই স্বার্থন্বেষী মহল এদেরকে দিয়ে মাদক ও চোরাচালানসহ অসংখ্য অনৈতিক কাজ করিয়ে নিজেদের ফায়দা হাসিল করে নিচ্ছে, যা আগামী বাংলাদেশের জন্য খুবই ভীতিকর।

শীতের এই সময়ে শিশুরা অল্পতেই অসুস্থ হয়ে যেতে পারে। সেখানে পথশিশুরা তো পর্যাপ্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড়ই পায় না। শীতে শুধু ঠান্ডা লাগার কারণেই বাচ্চারা অসুস্থ হয় তা নয়, বরং শীতকালীন অসুস্থতার মূল কারণ বায়ুবাহিত বিভিন্ন রোগজীবাণু যা সহজেই বাচ্চাদের খুব দ্রুতই আক্রমণ করে। আর মাত্রাতিরিক্ত দূষিত ধোঁয়া ও ধুলাবালি তাদের নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিসের মতো ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে।

করোনা মহামারিতে সুস্থ থাকতে হলে স্যানেটারি সচেতনতা খুব বেশি প্রয়োজন, যা পথশিশুদের মধ্যে একদমই নেই। শীতকালীন রোগ প্রতিরোধে যথেষ্ট ফলমূল, শাকসবজি ও সুষম খাবার খাওয়া প্রয়োজন। তাই পথশিশুদের স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য রাষ্ট্রীয়ভাবে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা দরকার।

পথশিশুরা পথের মানুষ আর ওটাই তাদের ঠিকানা। অধিকাংশ সময়ই আমরা তাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করি না। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

রেজওয়ান আহম্মেদ

শিক্ষার্থী, ইংরেজি ডিসিপ্লি­ন,

খুলনা বিশ্ববিদ্যালয়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.