নিউজ ডেস্ক।।
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার মামলার এই আবেদন করেন ঐ মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু। বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আজ আদেশের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম।
মামলায় সাঈদ খোকন ছাড়াও ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদকেও বিবাদী করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, তত্কালীন মেয়রসহ অন্য বিবাদীরা দোকান বরাদ্দের কথা বলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে মোট ৩৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৫৭৫ টাকা বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে গ্রহণ করেন। বাদী এ লেনদেনে বাধা দেওয়ায় তাকে প্রাণহানির চেষ্টা করেন। বিবাদীরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন; কিন্তু কোনো দলিলাদি দেননি। মামলায় বিবাদীদের বিরুদ্ধে অর্থ আত্মসাত্ ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গসহ কয়েকটি অভিযোগ আনা হয়।
ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর নকশাবহির্ভূত ৯১১টি দোকান চিহ্নিত করে গত ৮ ডিসেম্বর তা ভাঙতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
