এইমাত্র পাওয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জে ইতিহাস সৃষ্টি

নিউজ ডেস্ক।।

গত কয়েকদিন ধরে চাঙ্গাভাব অব্যাহত থাকায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধনে (সিকিউরিটিজের দাম) ইতিহাস সৃষ্টি হয়েছে। রোববার ডিএসইর বাজার মূলধন স্টক এক্সচেঞ্জটির ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি টাকা। এর পরের কার্যদিবস অর্থাৎ আজ রোববার সূচকের বড় উত্থান হয়েছে। ফলে বাজারে মূলধন বেড়েছে ১৩ হাজার ৬০৩ কোটি ২০ লাখ টাকার বেশি। আর তাতে অতীতের (অর্থাৎ ২০১৮ সালের ৩ জানুয়ারির) রেকর্ড ভেঙে মূলধন বৃদ্ধির নতুন উচ্চতায় উঠেছে ডিএসই।

২০১৮ সালে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৫ লাখ টাকা। সেই রেকর্ড ভেঙে আজ রোববার ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় দাঁড়িয়েছে ডিএসইর বাজার মূলধন, যা ডিএসইর ইতিহাসে বা এ যাবত কালের সর্বোচ্চ চূড়ায়।

বছরের শেষ সময়ে এতো বড় উত্থান দু’টি কারণে হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। এর একটি হলো- মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার লেনদেনের শুরুতেই ইতিবাচক প্রভাব পড়ছে। আর তার ধাক্কা পুঁজিবাজারে পড়েছে।

পাশাপাশি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের ফলে বাজারে ফিরছেন বিনিয়োগকারীরা। এই দু’কারণে পুঁজিবাজারে বাজার মূলধন বৃদ্ধিতে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখে গেছে, রোববার (২৭ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১০ পয়েন্ট। এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৮৫ পয়েন্ট ও ২৩ ডিসেম্বর ৩৫ পয়েন্ট বেড়েছিল। এই উত্থানে সূচকটি গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.