নিউজ ডেস্ক।।
পশ্চিমবঙ্গের কলকাতা বইমেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানান ত্রিদিব চট্টোপাধ্যায়। বিবৃতিতে বলা হয়, করোনা মহামারীর কারণে আমরা কিছু সময়ের জন্য বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। খবর আনন্দবাজার পত্রিকা।
এ সংক্রান্ত খবরে বলা হয়, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, জেনিভা প্রকাশিত বইমেলা ক্যালেন্ডার অনুসারে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা
২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল, আগামী বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করার। পরিবর্তিত পরিস্থিতিতে তা ওই সময়ে করা সম্ভব হচ্ছে না।
ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, করোনার প্রকোপে পৃথিবীজুড়ে গত মার্চ ২০২০ থেকে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের ওপর বিধিনিষেধ জারি রয়েছে, রাজ্যের স্কুল-কলেজ বন্ধ এবং ইতোমধ্যে অনেক ইউরোপীয় দেশ দ্বিতীয় দফার কঠোর লকডাউন ঘোষণা করেছে। আন্তর্জাতিক বইমেলার আয়োজক হিসেবে আমরা খবর পেয়েছি- লন্ডন, আমেরিকা, প্যারিসের আন্তর্জাতিক বইমেলাগুলোও নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আশা করছে- কলকাতা বইমেলা-২০২১ সালের কোনো এক সময়ে আয়োজন করা যাবে। এখন পিছিয়ে দিতে বাধ্য হলেও গিল্ডের আশ্বাস, যে মুহূর্তে পরিস্থিতি অনুকূল হবে, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্মতি নিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১-এর পরিবর্তিত তারিখ ঘোষণা করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
