নিজস্ব প্রতিনিধি।।
পরীক্ষা না নিয়ে অটোপাস দিয়ে পরে আইনি জটিলতা এড়াতে ফল প্রকাশের আগেই অধ্যাদেশ জারি করবে সরকার। ইতোমধ্যে শিক্ষা বোর্ড আইন সংশোধন করে এ বিষয়ে প্রস্তুতিও নেয়া হয়েছে। এই অধ্যাদেশ জারির পরই শিক্ষার্থীরা চূড়ান্ত ফল পাবে। এই মুহূর্তে সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশ জারির কোনো বিকল্প নেই।
এ দিকে চলতি মাসে ফল প্রকাশের জন্য সিদ্ধান্ত থাকলেও এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট গাইডলাইন হাতে পায়নি শিক্ষাবোর্ডগুলো। ফলের নম্বর সংরক্ষণের টেবুলেশন শিটও তৈরি হয়নি। সব মিলিয়ে এইচএসসির ফল কবে প্রকাশ হবে তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। তবে কর্মকর্তাদের দাবি শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির নির্দেশনা অনুযায়ী ডিসেম্বরেই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
শিক্ষা বোর্ড আইনে বলা আছে, পরীক্ষা নিয়ে বোর্ড ফল প্রকাশ করবে। কিন্তু করোনার কারণে এবার পরীক্ষা হয়নি। তাই, ফল প্রকাশের পর আইনি জটিলতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, আইনি জটিলতা এড়াতে আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হবে। এ নিয়ে গত সপ্তাহে বোর্ডের কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়ে সভাও করেছেন। শিগগিরই অধ্যাদেশ জারি হবে।
এ দিকে বোর্ড থেকে জানা গেছে, ফল প্রকাশের নীতিমালার খসড়া বোর্ড থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু তা অনুমোদিত হয়ে এখনো বোর্ডে পৌঁছায়নি। তবে শিগগিরই তা বোর্ডগুলোতে পৌঁছানোর কথা আছে।
এইচএসসির ফল প্রকাশের বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ফল প্রকাশের সব প্রস্তুতি আমাদের রয়েছে। তবে আইনি কিছু জটিলতার কারণে হয়তো সময় লাগবে। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
