এইমাত্র পাওয়া

এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

 নিউজ ডেস্ক।।

 শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কারার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নরসিংদীর শিবপুরে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ এ ৪ জন নিহত হন।

নরসিংদী দমকল বাহিনীর উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী জানায়, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকার যোগে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। প্রাইভেটকারটি শিবপুরের কারার চর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী নিহত হন। আহতাবস্থায় বাস ও প্রাইভেটকারের আরো ৬ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরো ১ জন। আহতদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী নরসিংদী ও শিবপুরের ৪টি ইউনিট দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

বেপরোয়া গতিতে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও দমকল বাহিনী।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহে কর্তব্যরত অবস্থায় ট্রাক চাপায় এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম রবি চৌধুরী (৩৫)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলির শহরতলির শম্ভুগঞ্জের ঝাউগড়া এলাকায় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রবি চৌধুরীর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানায়। ঈদ উপলক্ষে ময়মনসিংহ-শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় শম্ভুগঞ্জ পর্যন্ত অনেক যানজটের সৃষ্টি হয়। শহরতলির শম্ভুগঞ্জের ঝাউগড়া এলাকায় যানজট নিরসনে কাজ করছিলেন তিনি। সে সময় একটি ট্রাক হঠাৎ করে কনস্টেবল রবিকে চাপা দেয়। এতে মারাত্মক আহত হলে স্থানীয়রা আহত রবিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। পুলিশ ট্রাকের চালককে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করেছে।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা-শ্রীপুর সড়কের বরিশাট চারাবটতলা এলাকায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত জিয়াউর রহমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালুখালী গ্রামের আব্দুর জব্বার শেখের ছেলে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.