এইমাত্র পাওয়া

বাবরির বদলে যে আধুনিক মসজিদ হবে অযোধ্যায়

নিউজ ডেস্ক।।

অযোধ্যায় রামমন্দিরের জায়গার পরিবর্তে দেয়া জমিতে নতুন মসজিদ নকশা তৈরি করেছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)। একই সঙ্গে মসজিদ সংলগ্ন একটি হাসপাতালও নির্মাণ করা হবে। ১৯ ডিসেম্বর, শনিবার নকশাটি প্রকাশ করে আইআইসিএফ।

পাশ্চাত্য স্থাপত্যের আদলে ডিজাইন করা মসজিদটির নকশা ইতোমধ্যে সবার নজর কেড়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ওই প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের ২৬ জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর হাসপাতাল তৈরির কাজ দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। প্রস্তাবিত মসজিদটিতে দুই হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। প্রস্তাবিত মসজিদটি বাবরি মসজিদের চেয়ে চারগুণ বড় ও অত্যাধুনিক হবে।

বিশালাকার গম্বুজ আর মসজিদ চত্বরে কার পার্কিংয়েরও ব্যবস্থা থাকছে। হাসপাতাল ও মসজিদ ছাড়াও পাঁচ একর জমির মধ্যেই একটি কমিউনিটি কিচেন ও গ্রন্থাগার থাকবে বলে জানিয়েছেন প্রকল্পের প্রধান স্থপতি এসএম আখতার। এই কমিউনিটি কিচেনে দুঃস্থদের দুই বেলা খাওয়ানো হবে।

স্থপতি এসএম আখতার বলেন, হাসপাতালটি ৩০০ শয্যার হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হবে। মসজিদটি সৌরশক্তিচালিত হবে। মসজিদের ভেতরের তাপমাত্রা বাড়ানো-কমানোর ব্যবস্থা থাকবে।

কট্টর হিন্দুত্ববাদীদের ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণে গত বছর ভারতের সুপ্রিম কোর্ট সায় দিয়েছিল। মসজিদের জন্য অন্যত্র পাঁচ একর জমি দেয়ারও নির্দেশ দেয়া হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.