এইমাত্র পাওয়া

যৌতুকবিরোধী এক ভিন্নধর্মী প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি।।

মোখলেছুর রহমান সাগর পেশায় বেসরকারী চাকরিজীবী। সম্প্রতি তেজগাঁও কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাগর তার স্ত্রী-সন্তানসহ যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি যৌতুকের বিরুদ্ধে তার অবস্থানের বিষয়টি উল্লেখ করে লিফলেট বিতরণ করেছেন।

২০১৩ সাল থেকে বিভিন্ন ধরনের সামাজিক অনিয়ম, নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে তিনি একাই প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন। দাবি জানিয়েছেন অনিয়ম, নির্যাতন ও ধর্ষণ বন্ধের। প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায় সাগর তার স্ত্রী-সন্তানসহ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা আর ‘যৌতুক একটি সামাজিক ব্যাধি’, ‘যৌতুক চাওয়া মানেই ভিক্ষা চাওয়া’, ‘যৌতুককে না বলুন’ লেখা সংবলিত প্ল্যাকার্ড ছিল। যখনই কেউ এ বিষয়ে জানতে চাচ্ছেন তখন সাগর তার অবস্থানের বিষয়ে লেখা লিফলেট তুলে দিচ্ছেন।

প্রদিবাদ প্রসঙ্গে তিনি বলেন, যৌতুক একটি অভিশাপ। আমরা সবাই এ বিষয়ে এক রকম নীরব! উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সব পরিবারে যৌতুক দেয়া-নেয়া হচ্ছে। এতে অনেক সময় বিয়ে ভেঙ্গে যাচ্ছে। আবার বিয়ে হলেও বিচ্ছেদের ঘটনা ঘটছে। আর নারীরা যৌতুকের কারণে বিভিন্নভাবে নির্যাতন, হয়রানির শিকার হচ্ছে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকে স্ত্রী-সন্তানসহ আজ এখানে দাঁড়িয়েছি। যাতে সবাই সচেতন হয়, সোচ্চার হয়। যৌতুকের বিরুদ্ধে আমাদের এ অবস্থান সবসময় অব্যাহত থাকবে।

সাগরের স্ত্রী তাহমিনা আক্তার। নরসিংদী সরকারী মহিলা কলেজে পড়াশোনা করছেন। তিনি বলেন, আমার স্বামীর এমন প্রতিবাদী কর্মসূচী আমাকেও অনুপ্রাণিত করে। তার সঙ্গে সব কর্মসূচীতে থাকার সুযোগ হয় না। তবে যৌতুকবিরোধী আজকের এ অবস্থান কর্মসূচীতে অংশ নিতে পেরে খুব ভাল অনুভব করছি। আমরা বলতে চাই- যৌতুক বন্ধে সবাইকে সচেতন হতে হবে। তা না হলে সমাজের নারীরা যৌতুকের বিরূপ প্রভাব থেকে রেহাই পাবে না। এসময় তাদের একমাত্র সন্তান হৃদিতা মেহেরুন আলপনাও তাদের সঙ্গে ছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.