নিজস্ব প্রতিনিধি।।
সরকারি কর্মকর্তাদের বিদেশে সরকারি সফরে যেতে হলে বর্তমানে নিজ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। সেই তালিকায় যুক্ত হলো আরো দুই মন্ত্রণালয়ের অনুমতি। অর্থাৎ এখন থেকে যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে কোনো কর্মকর্তার সরকারি সফরে বিদেশ যেতে হলে নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি অবশ্যই নিতে হবে।
এক পর্যবেক্ষণে হাইকোর্ট এমনটাই জানিয়েছেন। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি অর্থের অপব্যবহার রোধ করার লক্ষ্যেই এমন আদেশ দিয়েছেন আদালত।
বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
তিনি জানান, বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ২০১৬ সালের এ বিষয়ক একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক পর্যবেক্ষণে এ কথা জানিয়েছেন।
তিন মন্ত্রণালয়ের সম্মতি পেলেই কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ
ওই রিট আবেদন করেছিল জনি করপোরেশন নামে একটি ফগলাইট আমদানিকারক প্রতিষ্ঠান।
শেখ সাইফুজ্জামান হাইকোর্টের পর্যবেক্ষণের বরাত দিয়ে বলেন, দেশের কাজে অবশ্যই মনোনিবেশ করতে হবে যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে সরকারি কর্মকর্তাদের। সেইসঙ্গে সরকারি সফরকালে বিদেশে অবকাশ যাপন করতে পারবেন না তারা। এ ছাড়া বিদেশ থেকে দেশে ফিরে যখন কাজে যোগদান করবেন, তখন অবশ্যই মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে সফর এবং ব্যয় সম্পর্কে অবহিত করতে হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরো জানান, রায়ের পর্যবেক্ষণ পুরোটা প্রকাশ হলে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বর্তমানে বিদেশে সরকারি সফরে গেলে সরকারি কর্মকর্তাদের শুধু নিজ মন্ত্রণালয়ের অনুমতি নিলেই চলে বলেও জানান তিনি।
শিক্ষাবার্তা/এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
