নিউজ ডেস্ক।।
করোনার টিকা প্রয়োগে অগ্রাধিকার তালিকা প্রস্তুত করতে উপজেলাভিত্তিক কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৩ ডিসেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এ কমিটি করোনার টিকা প্রয়োগের সার্বিক কার্যক্রম সম্পাদন করবে।
কমিটির উপদেষ্টা করা হয়েছে উপজেলা চেয়ারম্যানকে, আর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হচ্ছেন সভাপতি। কমিটির সদস্য সচিব করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে।
কমিটির সদস্য হিসেবে থাকছেন- সহকারী কমিশনার (ভূমি), ওসি, পৌর মেয়র, আনসার ও ভিডিপি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, আইসিটি সহকারী প্রোগ্রামার, ইউএনও মনোনীত দুই জন গণ্যমান্য ব্যক্তি ও স্বাস্থ্য সেবায় যুক্ত দুটি এনজিওর প্রতিনিধি।
অগ্রাধিকার তালিকায় করোনা মোকাবেলায় যুক্ত স্বাস্থ্যকর্মী, সম্মুখ কর্মী, রোগ প্রতিরোধে অক্ষম, বয়োজ্যেষ্ঠ, দীর্ঘমেয়াদী রোগে ভোগা প্রাপ্তবয়স্করা স্থান পাবেন। এ ছাড়া টিকা প্রয়োগ কার্যক্রম সম্পন্ন ও পর্যবেক্ষণ করবে উপজেলা কমিটি। টিকা দেয়ার সময় সংশ্লিষ্ট কেন্দ্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবে কমিটি।
যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তৈরি করোনার টিকার ৩ কোটি ডোজ পেতে গত রোববার ক্রয় সংক্রান্ত চুক্তি সম্পন্ন করে সরকার। এর প্রথম চালানে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে ৫০ লাখ ডোজ আসার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে পুরো চালান আসবে দেশে।
এর আগে এ টিকা আনতে ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে গত ৫ নভেম্বর সমঝোতা চুক্তি করে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও স্বাস্থ্য অধিদপ্তর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
