এইমাত্র পাওয়া

অডিও বার্তায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

 নিজস্ব প্রতিনিধি।।

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক অডিও বার্তায় এ শুভেচ্ছা জানান। সেইসঙ্গে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য নির্দেশনা সঠিকভাবে মেনে দিবসটি উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি।

বিষয়টি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, মহান বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে একটি অডিও বার্তা পাঠানো হচ্ছে। ৪৫ সেকেন্ডের এই অডিও বার্তা ১৬ ডিসেম্বর পর্যন্ত পাঠানো হবে। কারণ মোবাইল অপারেটরগুলোর একবারে পাঠানো সক্ষমতা নেই।

প্রধনামন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের জীবনের বেশির ভাগ ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে করোনাভাইরাস, কিন্তু তার পরও আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।

সকলকে স্বাস্থ্য নির্দেশনা মেনে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, এই দেশকে একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার মাধ্যমে আমরা লাখ লাখ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।

বার্তাটির শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.