এইমাত্র পাওয়া

৫ শর্তে ভর্তি নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে

অনলাইন ডেস্ক ঃ
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর জন্য মানতে হবে পাঁচটি শর্ত। পূর্ব ঘোষণা অনুযায়ী ভর্তি কার্যক্রম হবে লটারির মাধ্যমে।
ভর্তির বিজ্ঞপ্তি গতকাল জারি করে মাউশি। এতে বলা হয় আবেদনের তারিখ নিজেদের মতো ঠিক করবে প্রতিষ্ঠানগুলো। আর আবেদন ফি ধরা হয়েছে ১৫০ টাকা।
ভর্তির জন্য শর্তগুলো হচ্ছে- জনসমাগম এড়াতে লটারি প্রক্রিয়াটি ফেসবুক লাইভে অথবা অন্য যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচারের ব্যবস্থা করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটি, বিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

সর্বোপরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়াটি যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে।
এর আগে গত শুক্রবার দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে মাউশি।
শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.