এইমাত্র পাওয়া

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষায় জিপিএ-৫ পেলেন ১৭১ জন

অনলাইন ডেস্ক :

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডের অধীনে নতুন করে ১৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। শুক্রবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

এর আগে গত ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তাতে গড় পাসের হার ছিল ৭১.৮৫ শতাংশ। সারা দেশের ৮টি শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছিলেন ৪১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। যারা ফলাফলে সন্তুষ্ট হতে পারেননি, তারা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

জানা যায়, ঢাকা বোর্ডের অধীনে এবার মোট ৫২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৫৮৬ জনের ফলের গ্রেড পরিবর্তন হয়েছে। আর ফেল থেকে পাস করেছেন ২৮৯ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন।

অন্যদিকে যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষায় ৮৭ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। আর অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ৩০ জন শিক্ষার্থী। বাকিদের পরিবর্তন হয়েছে বিভিন্ন গ্রেড। তবে আশ্চর্যজনক ভাবে ফেল করা দুই শিক্ষার্থী পুনর্নিরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আর এ ঘটনায় পরীক্ষকদের দক্ষতা আর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.