এইমাত্র পাওয়া

শৈত্যপ্রবাহ আসছে আগামী সপ্তাহে

ক্রমেই শীত বাড়ছে। ১৭ বা ১৮ ডিসেম্বর থেকে তাপমাত্রা আরো কমতে শুরু করতে পারে। ওই সময় সপ্তাহখানেক দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর আজ শুক্রবার দুপুর পর্যন্ত নদী তীরবর্তী এলাকাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে। এ কারণে এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখন দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে যে পার্থক্য তা কমে এসেছে। এ কারণে তাপমাত্রা খুব না কমলেও শীত বেশি অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা আসেলে এখনও তেমন একটা কমেনি। আগামী সপ্তাহে বেশ খানিকটা কমে যাবে। ১৭ বা ১৮ তারিখের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকা পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.