এইমাত্র পাওয়া

স্কুল শিক্ষার্থীর অপহরণ ঠেকাল জনতা, বখাটেকে পুলিশে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে রাস্তা থেকে অপহরণের চেষ্টার সময় মাসুদ মিয়া নামে এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউতপুর গ্রামের ফুলতুলি নামক স্থানে এ ঘটনা ঘটে। বখাটে মাসুদ উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের কাদির মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, সকালে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়িতে যাওয়ার পথে চান্দুরা ইউনিয়নের আলাদাউতপুর এলাকার ফুলতলি নামক স্থানে বখাটে মাসুদ মিয়া (২১) তার পথরোধ করে। পরে মেয়েটিকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে। এ সময় আশপাশের গ্রামবাসী এসে বখাটেকে আটক করে। পরে ওই শিক্ষার্থীর বাবা পুলিশের জরুরি কল সার্ভিস ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনা সম্পর্কে ওই শিক্ষার্থীর বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করে ছেলেটি। রাস্তায় আমার মেয়ের সঙ্গে যা হয়েছে আমি এ ঘটনার বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগী ওই ছাত্রীর বাবার ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বখাটেকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতীয়মান হয়েছে যে ওই ছাত্রী ও আটককৃত যুবক একে অপরের পরিচিত। তবে ঘটনা যাই হোক ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.