এইমাত্র পাওয়া

করোনায় স্কুল খোলা জরুরি: ইউনিসেফ

 নিউজ ডেস্ক।।

কোভিডের সময় বিদ্যালয়গুলো বন্ধ রাখার চেয়ে এগুলো খুলে রাখাই উপকারী। যেকোনো মূল্যে দেশজুড়ে স্কুল বন্ধ রাখার বিষয়টি পরিহার করা উচিত বলে জানিয়েছে ইউনিসেফ। মঙ্গলবার এক প্রতিবেদনে জাতিসংঘ শিশু তহবিলের সংস্থাটি জানায়।

ইউনেস্কোর তথ্য অনুসারে, গত ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী প্রতি পাঁচজন স্কুলগামী শিশুর মধ্যে প্রায় একজনের বা মোট ৩২ কোটি শিশুর ক্লাসরুম বন্ধ রয়েছে, যা গত ১ নভেম্বরের ২৩ কোটি ২০ লাখের চেয়ে প্রায় ৯ কোটি বেশি।

ইউনিসেফের শিক্ষা কার্যক্রমের বৈশ্বিক প্রধান রবার্ট জেনকিনস বলেন, কোভিড-১৯ সম্পর্কে আমরা সবকিছু শেখা সত্ত্বেও, কমিউনিটিতে সংক্রমণে স্কুলের ভূমিকা এবং স্কুলে শিশুদের সুরক্ষিত রাখতে যেসব পদক্ষেপ আমরা নিতে পারি, সেক্ষেত্রে আমরা ভুল পথে ধাবিত হচ্ছি।

তথ্য-প্রমাণ বলছে, স্কুলগুলো এ মহামারির প্রধান চালিকা শক্তি নয়। তা সত্ত্বেও আমরা একটি উদ্বেগজনক প্রবণতা দেখতে পাচ্ছি, যেখানে সরকার শেষ উপায় হিসেবে স্কুলগুলো বন্ধ করার পরিবর্তে শুরুতেই স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে। কিছু ক্ষেত্রে এটা কমিউনিটি ধরে ধরে বন্ধ করার পরিবর্তে দেশজুড়ে স্কুল বন্ধ করে দেয়া হচ্ছে এবং এর ফলে অব্যাহতভাবে শিশুদের শিক্ষা গ্রহণ, মানসিক-শারীরিক সুস্থতা ও সুরক্ষার ওপর ভয়াবহ রকমের প্রভাব পড়ছে।

যখন স্কুলগুলো বন্ধ থাকে তখন শিশুরা তাদের শিক্ষা, সহায়তা ব্যবস্থা, খাদ্য ও নিরাপত্তা সেবা হারানোর ঝুঁকিতে থাকে, এক্ষেত্রে সবচেয়ে প্রান্তিক শিশুরা, যাদের ঝরে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি, তারাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। যেহেতু লাখ লাখ শিশু নয় মাসেরও বেশি সময় ধরে তাদের শ্রেণিকক্ষের বাইরে রয়েছে এবং আরো অনেকে এ অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে, এমন পরিস্থিতিতে ইউনিসেফের আশঙ্কা, প্রয়োজন ছাড়াই অনেক বেশি সংখ্যক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্কুলগুলোকে কোভিড-১৯ থেকে নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ব্যাপারে পর্যাপ্ত গুরুত্ব দেয়া হচ্ছে না।

১৯১টি দেশ থেকে প্রাপ্ত উপাত্ত ব্যবহার করে করা সাম্প্রতিক এক বৈশ্বিক সমীক্ষায় দেখা গেছে, স্কুল খোলা বা বন্ধ যাই থাকুক না কেন তার সঙ্গে কমিউনিটিতে কোভিড-১৯ সংক্রমণের হারের কোনো সম্পর্ক নেই। স্কুলগুলো থেকে ব্যাপক মাত্রায় সংক্রমণ ছড়ানোর খুব কমই তথ্য-প্রমাণ আছে এবং এ অবস্থায় ইউনিসেফ স্কুলগুলো পুনরায় খুলে দেয়াকে অগ্রাধিকার দিতে এবং শিশুদের যথাসম্ভব নিরাপদে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.