এইমাত্র পাওয়া

করোনার কারণে শিক্ষাখাত ঝুঁকিতে: ডা. দীপু মনি

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে আমাদের শিক্ষাখাত নানা রকমের ঝুঁকিতে রয়েছে। দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ফলে কিছু শিক্ষার্থী ঝরে পড়তে পারে। বাল্যবিয়ে ও শিশুশ্রম বাড়তে পারে। অনেক শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনা সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। শিক্ষাকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ঠিক সেখানেই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মঙ্গলবার রাজধানীর মিরপুর সেনানিবাসে বিইউপির বিজয় মিলনায়তনে শিক্ষাবান্ধব সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ব স্থবিরতার মধ্যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিইউপি শুরু থেকেই অনলাইন ক্লাস, পরীক্ষাসহ অন্য সব প্রশাসনিক কার্যাবলি সচল রেখেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের আহ্বানে সাড়া দিয়ে বিইউপি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অনন্য।

দীপু মনি বলেন, উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে এখন বেশি জোর দিতে হবে গবেষণার ক্ষেত্রে। তবেই তারা কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে সক্ষম হবে। শিক্ষার্থীদের সংখ্যা দিয়ে নয়, বরং শিক্ষার গুণগত মান হবে একটা প্রতিষ্ঠানের মান নির্ধারণের মাপকাঠি। বিশ্ববিদ্যালয়গুলো হবে উচ্চশিক্ষা তথা জ্ঞানচর্চা ও গবেষণার সূতিকাগার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার রাজধানীর মিরপুর সেনানিবাসে বিইউপির বিজয় মিলনায়তনে সামাজিক দূরত্ব মেনে কম্প্রিহেনসিভ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, রিমোট প্রক্টরিং এবং প্লেজারিজম চেকার শীর্ষক শিক্ষাবান্ধব সফটওয়্যারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অনলাইনে ক্লাস পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তথ্য আদান-প্রদান, শিক্ষার্থীদের সার্বিক একাডেমিক অগ্রগতিবিষয়ক রিপোর্ট, প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীর প্রোফাইল ব্যবস্থাপনা, ভিডিও আপলোড, যে কোনো প্রকার পরীক্ষা গ্রহণ এবং তা রিমোট প্রক্টরিংয়ের মাধ্যমে পরিচালনা করা হবে।

এ ছাড়া থিসিস, টার্মপেপার এবং অ্যাসাইনমেন্ট গ্রহণ, যা ‘টার্ন-ইট ইন’ প্লেজারিজম চেকার অ্যাপের (Turnitin Plagiarism ) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লেখার মৌলিকত্ব ও স্বচ্ছতা যাচাই করা সম্ভব হবে।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.