এইমাত্র পাওয়া

আগামী এসএসসি পরীক্ষা যথাসময়ে হবে কি ?

নিউজ ডেস্ক।। 

শিক্ষাপঞ্জি অনুসারে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা। আর আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা। নভেম্বর মাসে এসএসসির টেস্ট পরীক্ষা এবং ডিসেম্বর-জানুয়ারিতে এইচএসসির টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু একে তো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তার ওপর করোনার কারণে শিক্ষার্থীদের সিলেবাসও শেষ হয়নি। ফলে যথাসময়ে টেস্ট পরীক্ষাও নেওয়া যাচ্ছে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা আমাদের রয়েছে। তবে যেহেতু শীতকাল আসছে, করোনার দ্বিতীয় ঢেউ আসারও আশঙ্কা করা হচ্ছে, তাই আমাদের আরো কিছুটা দেখেশুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এর আগেই করোনা পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাসময়ে না হওয়ার আশঙ্কাই বেশি। কারণ সব শিক্ষার্থী অনলাইন বা টেলিভিশন ক্লাসে যুক্ত হয়নি। বিশেষ করে মফস্বলের শিক্ষার্থীরা অনেক বেশি পিছিয়ে আছে। শিক্ষার্থীদের সিলেবাসও শেষ করা সম্ভব হয়নি। এই অবস্থায় আগামী বছর যথাসময়ে এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক, ‘প্রতিবছরের এই সময়ে এসএসসির ফরম পূরণ চলে। এইচএসসির প্রস্তুতিও নেওয়া হয়। এবার যেহেতু গত মার্চ মাস থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তাই পরীক্ষার ব্যাপারে আমরা এখনই কিছু চিন্তা করতে পারছি না। পরীক্ষা পেছানো হবে কি না, সে ব্যাপারেও এখনো কোনো আলোচনা হয়নি। আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলুক, তার পরও আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে পরিকল্পনা করব।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.