এইমাত্র পাওয়া

অক্টোবরে শুরু জাতীয় ক্রিকেট লিগ

জুন-জুলাইয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবসময় নিস্তরঙ্গ পরিবেশ বিরাজ করে। ঘরোয়া ক্রিকেটে কোনো টুর্নামেন্ট থাকে না। স্থবির এই সময়টাতে জাতীয় দলের বাইরে দেশের বেশিরভাগ ক্রিকেটারই খেলাধুলার বাইরে থাকেন। তবে এই বছর কিছুটা ব্যতিক্রম ছিল। ঘরোয়া ক্রিকেট না থাকলেও জাতীয় দলের বাইরে ‘এ’ দল, এইচপি, বিসিবি একাদশ, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রায় ৪০ জন ক্রিকেটার গত মাসে দেশে ও দেশের বাইরে মাঠের ক্রিকেটে ব্যস্ত ছিলেন।

বিসিবির কাঠামোতে থাকা এই দলগুলোর বাইরে যেসব ক্রিকেটার আছেন, তারা ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছেন। ২০১৯-২০ মৌসুমে ঘরোয়া ক্রিকেটের প্রথম আসর হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আগামী অক্টোবরে শুরু হবে এনসিএল। বিসিবির টুর্নামেন্ট কমিটি থেকে জানা গেছে, দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট আসর এনসিএল শুরুর সম্ভাব্য তারিখ ১৫ অক্টোবর।

বিসিবির ঘোষণা অনুযায়ী ৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এরপর নতুন বছরের শুরুতে ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক প্রথম শ্রেণির আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) অনুষ্ঠিত হবে। গত আসরের মতো এবার বিসিএলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন হবে। তারপর মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এর মাঝে অক্টোবর থেকেই ঢাকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ লিগ গুলো শুরু হয়ে যাওয়ার কথা।

যদিও অক্টোবরের প্রথম সপ্তাহেই এনসিএল শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু সেখানে কিছুটা বিলম্ব হতে যাচ্ছে, দেশের বাইরে ‘এ’ দল ও ইমার্জিং দলের খেলা থাকায়। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সম্প্রতি জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই দলের ক্রিকেটাররা ফিরবেন অক্টোবরে। আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে এসিসি ইমার্জিং এশিয়া কাপ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ইমার্জিং দল।

সব মিলিয়ে এনসিএল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই শুরু করতে হচ্ছে। বিপিএলের আগে শেষ না হলে অতীতের ন্যায় কিছুটা বিরতিও পড়বে এনসিএলে।

অবশ্য বিসিবি সূত্রে জানা গেছে, এবার এনসিএলে বিরতি পড়ার সম্ভাবনাই বেশি। কারণ বিপিএলের আগে দেশীয় ক্রিকেটারদের প্রস্তুতির জন্য একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে হয়েছিল একটি টি-২০ টুর্নামেন্ট। কিন্তু ঠিক বিপিএলের আগে এই ফরম্যাটে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ নেই। তাই টুর্নামেন্ট শুরু হলেও দেশীয় ক্রিকেটাররা জ্বলে উঠতে পারেন না।

জানা গেছে, দেশীয় ক্রিকেটারদের অভ্যস্ত হওয়ার সুযোগ দিতেই ছোটো আকারে একটি টি-২০ টুর্নামেন্ট হতে পারে। এবং এই টুর্নামেন্টে খেলবে এনসিএলের দলগুলো।

জানতে চাইলে এ সম্পর্কে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেছেন, এ ধরনের একটা টুর্নামেন্ট হতে পারে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। জাতীয় লিগের দলগুলোকে নিয়ে বিপিএলের প্রস্তুতি হিসেবে সংক্ষিপ্ত আকারে একটা টুর্নামেন্ট হতে পারে।

ঈদুল আজহার ছুটির পর এ বিষয়ে মিটিং হবে। টুর্নামেন্ট কমিটির মিটিংয়ে এনসিএল এবং এই টি-২০ টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত হবে। ২০২০ টি-২০ বিশ্বকাপকে ঘিরে এই ফরম্যাটে গুরুত্ব দিতে চায় বিসিবি। সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে আরো টি-২০ টুর্নামেন্ট যুক্ত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading