নিউজ ডেস্ক।।
বিশ্ববিদ্যালয়ে ইসলাম ধর্ম সম্পর্কিত বিষয় ইসলামিক স্টাডিজের পরীক্ষায় প্রথম হয়েছেন এক হিন্দু শিক্ষার্থী। ভারতের কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মুসলিম সব শিক্ষার্থীকে পেছনে ফেলে এই বিষয়ে প্রথম হয়েছেন শুভম যাদব নামের ওই শিক্ষার্থী। খবর দ্য হিন্দুর
ইসলামিক স্টাডিজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কমন এন্ট্রান্স টেস্টে অংশ নিয়ে প্রথম হন শুভম। অমুসলিম ও কাশ্মীরের বাইরে কোনো ছাত্র হিসেবে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
শুভম যাদবের বাড়ি রাজস্থানের আলওয়ারে। ২০১৭ সালে আলওয়ারে পেহলু খান নামের এক মুসলিম গবাদি পশু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে কট্টর হিন্দুত্ববাদীরা। তারপরও ইসলাম ধর্মকে জানতে এই বিষয়ে স্নাতকোত্তর করার ইচ্ছা পোষণ করেন শুভম।
বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি নিয়ে পড়াশোনা করছেন শুভম৷ ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর করতে তাকে ২ বছর কাশ্মীরে থাকতে হবে। যা ভেবে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। তবে এ নিয়ে চিন্তিত নন শুভম। তিনি জানান, এর আগেও কাশ্মীরে গিয়েছেন। সেখানকার মানুষও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ বলে মনে হয় তার।
অমুসলিম হয়ে ইসলাম ধর্মকে জানতে আগ্রহী হওয়ার কারণ জানিয়ে শুভম বলেন, ইসলাম ধর্মের গভীরে গিয়ে জানার জন্যই এই বিষয়টি বেছে নিয়েছি। আমার মনে হয়, ইসলাম ধর্মকেই সব থেকে বেশি ভুল বোঝে মানুষ। বিশ্বের অনেক রাষ্ট্রনেতাই এই ধর্ম নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। আর তা থেকেই এই বিষয়ের উপরে স্নাতকোত্তর করার কথা আমার মাথায় আসে।
তাছাড়া তার বাবা-মাও তাকে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে উৎসাহ দিয়েছেন বলে জানান শুভম। শুভম দুই ধর্মের মধ্যে সেতুবন্ধনের কাজ করতে চান ৷
শিক্ষাবার্তা/এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
