এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক।।

দেশে গত ৮ মার্চ মহামারি করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এর পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। নতুন করে কিছু নির্দেশনা দিয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বৃদ্ধি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনার সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসময় নিজেদের এবং অন্যদের করোনার সংক্রমণ থেকে দূরে রাখতে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

এ বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও সেই আদেশে নির্দেশ দেয়া হয়।

আদেশে আরো বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন। অন্যদিকে এসব নির্দেশনা পালন করা হচ্ছে কি না সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন স্থানীয় প্রশাসন।

এমনকি এ সময়টাতে শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে, নিজ নিজ পাঠ্যবই অধ্যায়ন করে, সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিশ্চিত করবেন।

এমন নির্দেশনা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একটি আদেশ জারি করেছে।

দুই মন্ত্রণালয় তাদের নির্দেশনায় জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংসদ টেলিভিশনে শ্রেণি পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.