নিউজ ডেস্ক।।
করোনা (কোভিড-১৯) মহামারীতে চারপাশের অনেকই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। এছাড়াও সাধারণ জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টও হচ্ছে অনেকের। তবে এমন উপসর্গ দেখা দিলেই কেউ করোনায় আক্রান্ত হবেন, বিষয়টা তা নয়। তাহলে কিভাবে বুঝবেন কোনটা করোনার উপসর্গ আর কোনটা নয়।
এর সমাধান খুবই সহজ। কারণ, কাশিই বলে দিবে আপনি করোনায় আক্রান্ত কিনা। এজন্য একটি অ্যাপ তৈরি করেছেন বিজ্ঞানীরা। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) একদল গবেষক এই অ্যাপটি বানিয়েছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ওই খবরে বলা হয়, গবেষকরা মেশিন লার্নিং (এমএল) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এলআই) কাজে লাগিয়ে করোনাভাইরাসকে চিহ্নিত করছেন। এমনকি উপসর্গহীনরাও সংক্রমিত হলেও তা জানিয়ে দিবে এই অ্যাপটি। আর সংক্রমিত না হলে, সেটাও জানাবে। অ্যালজাইমার গবেষণায় ব্যবহৃত এআই (AI) ফ্রেমওয়ার্ক এই অ্যাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। করোনা সাধারণত শরীরের যেসব অংশে সংক্রমণ ঘটায়, যেমন- ফুসফুস, ভোকাল কর্ড ইত্যাদি সঠিকভাবে কাজ করেছে কিনা, তা বলে দিতে পারে এআই।
এই অ্যাপটি তৈরি করার জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষা চালান গবেষকরা। স্মার্টফোনের মাধ্যমে রেকর্ড করা প্রায় ৭০ হাজার সর্দি-কাশির শব্দকে করোনা চিহ্নিতকরণের পরীক্ষায় কাজে লাগানো হয়। এতে করে প্রায় ২ লাখ কাশির নমুনা পরীক্ষা করা হয়। তাতে দেখা গেছে, ২ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত। এর মধ্যে অনেকেই আবার উপসর্গহীন।
এ বিষয়ে গবেষকরা জানান, এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে, বিনামূল্যে তৎক্ষণাৎ নির্ভুল রিপোর্ট পাওয়া সম্ভব।
তবে এটি এখনো অ্যাপ স্টোরে আসেনি। এমনকি আনুষ্ঠানিকভাবে অ্যাপটির নামও ঘোষণা করা হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
