এইমাত্র পাওয়া

প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ, ঢাবি ছাত্র গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।

সম্পর্কের জের ধরে এক তরুণীর কাছ থেকে তার ব্যক্তিগত কিছু ছবি সংগ্রহ করেছিলেন মো. মোফাজ্জল সাদাত নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র। গত মার্চ-এপ্রিলে তাদের সম্পর্ক গড়ে ওঠার পর সম্প্রতি মনোমালিন্য হয়। এর জের ধরে প্রেমিকার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ওই তরুণ। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর করা মামলায় সাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল শনিবার তাকে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগী ছাত্রী নিজেই শনিবার মামলাটি করেন। সাদাতকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। বিচারক তাকে জেল হাজতে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার সাদাতকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আজ রোববার এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাদাতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি অগ্রহণযোগ্য।’ এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.