নিজস্ব প্রতিনিধি।।
সম্প্রতি ইউরোপের দেশ ফিনল্যান্ডে একদিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে এক কিশোরীকে দায়িত্ব দেয়া হয়েছিল। যা নিয়ে পুরো বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি হয়। এবার বাংলাদেশও এমনই এক উদাহরণ সৃষ্টি করেছে। তবে প্রধানমন্ত্রী হিসেবে নয়, এক ঘণ্টার জন্য জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব দেয়া হয়েছে এক কলেজ ছাত্রীকে।
জেলা প্রশাসকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন পুষ্পা খাতুন
আজ বুধবার এক ঘণ্টার জন্য বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেছেন কলেজ ছাত্রী পুষ্পা খাতুন। তিনি বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়ার সভাপতি।
এদিন জেলা প্রশাসকের অফিস কক্ষে উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় তাকে এ দায়িত্ব দেয়া হয়। এ সময় ডিসি জিয়াউল হকের কাছ থেকে তিনি প্রতীকীভাবে দায়িত্ব বুঝে নেন। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত কর্মকর্তারা।
জেলা প্রশাসক হিসেবে পুষ্পা খাতুন বেশ ব্যস্ত সময় পার করেন। তিনি বগুড়াকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা, বাল্যবিবাহের হার শূন্যের কোটায় নামিয়ে আনা, শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করার প্রতিশ্রুতি এবং তাদের নেতৃত্ব বিকাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সুপারিশমালা প্রদান করেন।
এ বিষয়ে ডিসি জিয়াউল হক বলেন, সকল শিশুকে মুক্তমনা হিসেবে বেড়ে উঠে দেশের সর্বোচ্চ পদগুলো অর্জনের মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে প্রস্তুতি নিতে হবে। গার্লস টেকওভার কর্মসূচির মাধ্যমে কন্যা শিশুরা উৎসাহিত হবে। তারা নিজেদের স্বপ্নপূরণে অঙ্গীকারাবদ্ধ হবে।
শিশুদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বগুড়াকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সর্বদা ইতিবাচক ভূমিকা রাখবেন বলেও এ সময় প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক জিয়াউল হক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
