নিজস্ব প্রতিনিধি।।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষার সুযোগ দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শর্তসাপেক্ষে বিশেষ বিবেচনায় এই সুযোগ দেয়া হতে পারে বলে জানা গেছে। ২৭ অক্টোবর, মঙ্গলবার ভার্চুয়াল সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।
জানা গেছে, ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীরাই শুধু এই সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। ক্লাস ও পরীক্ষা চলাকালে দুজন শিক্ষার্থীর মাঝে অন্তত ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে। সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী ল্যাব ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর একদিনে শুধু একটি ক্লাস নেয়া যাবে।
সভায় অংশ নেয়া এক সদস্য জানান, বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না। শুধু এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।
তিনি আরো বলেন, যে সকল শিক্ষার্থী ফাইনাল সেমিস্টারে রয়েছেন, তারা ব্যক্তিগতভাবে প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে গত ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে তা কয়েক দফা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। এমতাবস্তায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এই সিদ্ধান্ত নিলো ইউজিসি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
