এইমাত্র পাওয়া

ভ্যাকসিনকে অবশ্যই বৈশ্বিক পণ্য করতে হবে : ডব্লিউএইচও

নিউজ ডেস্ক।।

করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। ২৫ অক্টোবর, রবিবার বার্লিনে তিন দিনব্যাপী ওয়ার্ল্ড হেলথ সামিটের উদ্বোধনী অধিবেশনে ভিডিও বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

একই সঙ্গে মহামারীর হাত থেকে রক্ষা পেতে বৈশ্বিক ঐক্যের ওপর জোর দেন গেব্রেয়াসুস। এজন্য দরিদ্র দেশগুলোর ভ্যাকসিনের ন্যায্য প্রাপ্তি নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

এ বিষয়ে তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনা মহামারী থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সম্মিলিতভাবে কাজ করা। একই সঙ্গে দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা। ভ্যাকসিনের জাতীয়তাবাদ মহামারীকে দীর্ঘায়িত করবে, কমাবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরো বলেন, দেশগুলো প্রথমেই তাদের নিজেদের নাগরিকদের রক্ষা করতে চায়, এটাই স্বাভাবিক। কিন্তু যখন একটি কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে, তা অবশ্যই কার্যকরভাবে ব্যবহার করতে হবে। এজন্য সর্বোত্তম উপায় হলো কিছু দেশের সব মানুষকে ভ্যাকসিন দেয়ার পরিবর্তে সব দেশের কিছু মানুষকে ভ্যাকসিন দেয়া।

ডব্লিউএইচও’র প্রধান বলেন, ভ্যাকসিন জাতীয়করণ করলে মহামারী না কমে বরং তা আরো দীর্ঘায়িত হবে। ভ্যাকসিনকে অবশ্যই বৈশ্বিক পণ্যে পরিণত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.